যাকাতের গুরুত্ব,ফাযায়েল ও মাসায়েল (৩)

যাকাতের গুরুত্ব,ফাযায়েল ও মাসায়েল (৩)

যাকাতের গুরুত্ব,ফাযায়েল ও মাসায়েল (৩)

মাওলানা মুহাম্মদ জিয়াউল হক

যাকাতের সামাজিক গুরুত্ব:

যাকাত মুসলিম বিশ্বে একটি ভালবাসাপূর্ণ ও বৈষম্যহীন সমাজ উপহার দিতে ভুমিকা পালন করে থাকে। ধনী-দরিদ্রের মাঝে দূরত্ব, বৈষম্য ও ভেদাভেদ অপসারণ করে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠিত হয় যাকাত ব্যবস্থার ফলে। এ যাকাত দরিদ্রের প্রতি ধনীদের করুণা নয়, বরং ধনীর সম্পদে দরিদ্রের অধিকার।

এ মর্মে আল্লাহ পাক এরশাদ করেন-'ধনীদের সম্পদসমূহে অভাবী ও বঞ্চিতের অধিকার রয়েছে। শুধু তাই নয় বরং যাকাতের ফলে ধনী ও দরিদ্রের মাঝে ভালবাসা ও হৃদ্যতার সেতুবন্ধন ঘটে। তাই তাে প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম একে ইসলামের সেতু বলে আখ্যায়িত করেছেন।

যাকাতের অর্থনৈতিক গুরুত্ব:

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব বর্ণনাতীত। যাকাত ইসলামী অর্থনীতির মূলভিত্তি। কোন রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতির মূলে রয়েছে সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি। আর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করে সুষম যাকাত ব্যবস্থা। যথাযথ যাকাত ব্যবস্থা কার্যকর হলে ধনী-দরিদ্রের দূরত্ব মুছে যাবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র ঋণমুক্ত হবে। অসংখ্য লােকের কর্মসংস্থান সৃষ্টি হবে। অভিশপ্ত বেকার জীবন দূর হবে। দারিদ্র বিদূরিত হবে। সর্বোপরি অর্থনৈতিক বৈষম্য বন্ধ হবে।

যাকাত ব্যবস্থা বাস্তবায়নে করণীয়:

যাকাতের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিপুল উন্নয়নের সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের জনগণ তা থেকে বঞ্চিত । কারণ যাকাত ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে বিশেষ বাধা। এসব প্রতিবন্ধকতা নিরসন করে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কিছু সুপারিশ করা হলাে।

১.যাকাত সম্বন্ধে পত্রপত্রিকায় যদিও কিছু আলােচনা হয়েছে তা যৎসামান্যই। আলেম সমাজ যদি জনগণকে যাকাতের হাকিকত ও মহত্ব সম্পর্কে যথাযথ বক্তব্য রাখতেন, তবে এতদিনে যাকাতের উপযুক্ত ব্যবহার ও আদায় সম্পর্কে আরাে বেশি সচেতনতা লক্ষ করা যেত। ২, সাহেবে নেসাবদের কাছ থেকে যাকাত আদায় করার জন্য এদেশে কোন প্রাতিষ্ঠানিক কাঠামাে গড়ে ওঠেনি। প্রয়ােজনীয় আইন ও রাষ্ট্রীয় উদ্যোগে গৃহীত হলে এ পদক্ষেপ বাস্তবায়ন হবে। ৩. বিত্তবান যাকাত প্রদানকারীদের উচিত যে, নিজ নিজ এলাকায় যথাযথ গরীব ও মিসকীনদের তালিকা প্রণয়ন করে তাদের নিকট যাকাতের অর্থ পৌঁছে দেয়া, মাইকিং প্রচারনা, ঢাকঢোেল পিটিয়ে যাকাতের অর্থ বিলি করলে একদিকে যথাযথ হকদাররা বঞ্চিত হয় আবার অন্যদিকে ফকীর-মিসকীনরা অশেষ হয়রানি ও কষ্টের শিকার হয়। এমন রীতি পরিহার করতে হবে। ব্যাংক, বীমা, ডি.পি.এস ইত্যাদি জমাকৃত

টাকায় যাকাতের বিধান:

বিভিন্ন ব্যাংক ডিপিএস, জীবন বীমা, এফ.ডি আর ইত্যাদি জমাকৃত টাকা যদি নেসাব পরিমাণ হয় এবং নিজের নিয়ন্ত্রণে যে কোন সময় এ সব টাকা উত্তোলন করার অবকাশ থাকে, এমতাবস্থায় ওই টাকাগুলােতে এক বৎসর পূর্ণ হওয়ার পর নির্ধারিত নিয়মে যাকাত দিতে হবে। তবে এসব জমাকৃত টাকা উত্তোলনের ব্যাপারে মেয়াদভিত্তিক চুক্তি হয় এবং আয়ত্বের বহির্ভূত হয়, তখন তাতে যাকাত আদায় করতে হবে না আর এসব জমাকৃত টাকা একত্রে হস্তগত হলে তখনই প্রাপ্ত টাকাসমূহের উপর যাকাত আদায় করতে হবে।

যত টাকা জমা থাকলে যাকাত ওয়াজিব হয়:

যাকাত প্রদানের ক্ষেত্রে সম্পদের মূল হলাে স্বর্ণ ও রৌপ্য। অন্যান্য সম্পদরাজি এ দুয়ের অনুগামী, তাই সাড়ে সাত তােলা স্বর্ণ ও সাড়ে বায়ান্ন তােলা রৌপ্যের সমপরিমাণ টাকা কারাে কাছে জমা থাকলে, এক বছর অতিবাহিত হওয়ার পর অন্যান্য শর্তসাপেক্ষে ১০০টাকায় ২.৫ টাকা এভাবে ১০০০(এক হাজার )টাকা ২৫ টাকা যাকাত হিসেবে আদায় করতে হবে। তবে স্বর্ণের চেয়ে যেহেতু রৌপ্যের দাম কম 'আনফায়ু লিল ফোকরা (ফকিরদের সর্বাধিক উপকারী) বিবেচনায় সাড়ে বায়ান্ন তােলা রৌপ্যের দাম সমপরিমাণ টাকায় যাকাত আদায় করতে হবে। মনে করুন প্রতি ভরি রৌপ্যের দাম ৪০০ (চারশত টাকা) তাহলে (৫২'৫x৪০০)= ২১,০০০/ টাকা কারাে জমা থাকলে তার উপর যাকাত ওয়াজিব হবে। যাকাতের টাকা যেভাবে বন্টন করতে হবে: মাইকিং করে বিক্ষিপ্তভাবে দাঁড় করিয়ে যাকাতের অর্থ আদায় করা কোনভাবে সমীচিন নয়। আর যাকাতের অর্থ ২,৩,৫টাকা করে প্রতি হকদারকে ভাগ করাও বাঞ্চনীয় নয়। কমপক্ষে এমন পরিমাণ দিতে হবে। যাতে ফকীর মিসকীনরা ব্যক্তিগত ও পারিবারিকভাবে উপকৃত হতে পারে। এ বিষয়ের প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়ােজন। সর্বশেষ বলা যায় যে, যাকাত ধনী-দরিদ্রের সম্প্রীতি গঠনে কার্যকরী পদক্ষেপ। দারিদ্র্যের অভিশাপ ঘুচিয়ে স্বচ্ছলতার সূচক প্রতিষ্ঠার ক্ষেত্রে সুষম যাকাত বন্টন ব্যবস্থার বিকল্প নেই। তাই যাকাত দাতাদের প্রদেয় টাকা উপযুক্ত খাতে বন্টন পূর্বক দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করে দরিদ্রতা ও অস্বচ্ছলতার অভিশাপ থেকে দেশের জনগণকে রক্ষার প্রচেষ্টা চালাতে হবে।

সূত্রঃ মাসিক তরজুমান


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন